আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গাঁজা গাছ চাষের অভিযোগে ইয়াসিন শেখ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা এলাকার ঢালারচর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতর অবৈধভাবে রোপণ করা বিশাল আকৃতির ওই গাঁজা গাছটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই গাছ রোপণ ও চাষের অভিযোগে ইয়াসিন শেখকে আটক করা হয়।
আটককৃত ইয়াসিন শেখ রামকৃষ্ণপুর গ্রামের মৃত আকের শেখের ছেলে।
এ ঘটনায় আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
