আমিনপুর ও কাশিনাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে একটি বেসরকারি হাসপাতাল এবং দুটি ফার্মেসিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. কে. রাজু এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনার ড্রাগ সুপার মিঠুন সাহা ও ড্রাগ ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া এসআই আওলাদের নেতৃত্বে আমিনপুর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
কাশিনাথপুর জেনারেল হাসপাতালে ৩০ হাজার টাকা জরিমানা:
অভিযান চলাকালে কাশিনাথপুর জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ধরা পড়ে। বিএমডিসি (BMDC) নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকা, অপারেশনের নথিপত্র ও তথ্য সঠিকভাবে রেকর্ডভুক্ত না করা এবং সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(২) ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আমিনপুরে দুই ফার্মেসিতে ১১ হাজার টাকা জরিমানা:
অন্যদিকে, আমিনপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ‘সাবিলা মেডিসিন কর্নার’ ও ‘মধু ফার্মেসি’কে অভিযুক্ত করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

